৭১’র মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হতে মৃতুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মামলার আপিলের যুক্তিতর্ক উপস্থাপন বুধবার শুরু হবে।
মঙ্গলবার ট্রাইব্যুনালের রায় পাঠ শেষে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রায়ের কপি পাঠ করেন কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম। রায় পাঠ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য কামারুজ্জামানের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন যুক্তি-তর্কের জন্য আরও প্রস্তুতি দরকার উল্লেখ করে আদালতের কাছে দুই সপ্তাহ সময় আবেদন করেন। কিন্তু আদালত সময় আবেদন না মঞ্জুর করে বুধবার থেকে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য্য করেন।
আদালতে আসামীপক্ষে আরও উপস্থিত ছিলেন শিশির মুহাম্মদ মুনির ও মুজাহিদুল ইসলাম শাহিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
গত ১৮ মে থেকে কামরুজ্জামানের মামলার আপিল শুনানি শুরু হয়। মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগে কামরুজ্জামানের মামলার শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়। এর আগে কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ শুনানি গ্রহণ করতেন।
গত বছরের ৬ জুন ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আপিল করেন কামারুজ্জামান। আপিলে ২৫৬৪টি মূল ডকুমেন্ট, ১২৪টি গ্রাউন্ডসহ মোট ১০৫ পৃষ্ঠার ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টিই সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এছাড়া বাকি দুটি অভিযোগ প্রমাণিত না হাওয়ায় ওইসব অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।
ঢাকা,কেএ ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর