পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু আক্তারের খুনের সঙ্গে জড়িত সন্দেহে আটক আবু নছর গুন্নুর (৪৫) রিমাণ্ড বাতিলের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এর ফলে গুন্নুকে রিমাণ্ডে জিজ্ঞাসাবাদে আর কোন বাধা থাকলনা।
বৃহস্পতিবার (১৬ জুন) গুন্নুর পক্ষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো.শাহ নূরের আদালতে রিমাণ্ড বাতিলের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন।
১২ জুন মিতু হত্যা মামলায় গুন্নুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমাণ্ড মঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশিদ।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বলেন, রিমাণ্ড আদেশ চ্যালেঞ্জ করে গুন্নু রিভিশন দায়ের করেছিলেন। আদালতে শুনানিতে আমি আবেদনের বিরোধিতা করেছি। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।
৭ জুন হাটহাজারীর মূসাবিয়া দরবার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু নছর গুন্নুকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। আটকের পর তাকে মিতু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমাণ্ডের আবেদন জানায় পুলিশ। ৯ জুন রিমাণ্ড শুনানিতে আদালত তাকে কোন সূত্রে গ্রেফতার করা হয়েছে সেটার প্রমাণ দাখিলের নির্দেশ দেন।
গুন্নুকে আটকের পর মূসাবিয়া দরবারের পরিচালনা কমিটির একাংশ সংবাদ সম্মেলন করে দাবি করেছে, পুলিশ ৩০ লাখ টাকার বিনিময়ে তাকে মিতু হত্যায় ফাঁসিয়েছে।
এমআর





