রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে র‌্যাবের অভিযান চলছে।

অভিযানের এক পর্যায়ে টিনশেড বাড়িটিতে বিস্ফোরণ হলে চাল উড়ে যায়। এ সময় ঘরের ভেতরে ছিন্নভিন্ন মরদেহ দেখা গেছে।

র‌্যাব কর্মকর্তারা ধারণা করছেন, বিস্ফোরণে ঘরে থাকা অন্তত দুইজন নিহত হয়েছে। বসিলার মেট্রো হাউজিংয়ের জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে নিহত দুইজনের লাশ মোহাম্মদপুর থানা পুলিশকে বুঝিয়ে দিয়েছে র‍্যাব।

সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে মরদেহ দুইটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযান সমাপ্ত হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটের আলামত সংগ্রহ শেষে লাশ দুইটি মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার ভোরে রাজধানীর বসিলার মেট্রো হাউজিং এলাকায় টিনশেড বাড়ির ‘ঘাঁটিতে’জঙ্গিরা অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব সেখানে অভিযান চালায়। এ সময় টিনশেড বাড়ির একটি ঘর থেকে বিস্ফোরণ ঘটানো হয়।

এরপর ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে।

ভোর পৌনে ৫টার দিকে ওই বাসা থেকে বেশ বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটানো হয়। পরে র‍্যাবের স্পেশাল ফোর্স, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড পৌঁছে পরবর্তী কার্যক্রম শুরু করে। এসময় বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হয়।

এএস