পটুয়াখালী মির্জাগঞ্জের রাজাকার কমান্ডার ফোরকান মল্লিককে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।একই সংঙ্গে আগামী ১৪ আগস্ট প্রসিকিউশনকে ফোরকান মল্লিকের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল সকাল সোয়া ১১টায় ফোরকান মল্লিককে হাজির করার পর ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আজ সকালে ফোরকান মল্লিককে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় ট্রাইব্যুনাল তাকে আইনজীবী নিয়োগ দিতে বলে তখন ফোরকান ট্রাইব্যুনালকে বলেন,‘আমি গরিব মানুষ। কিভাবে আইনজীবী নিয়োগ দেবো’?

ট্রাইব্যুনালের এক প্রশ্নের উত্তরে ফোরকান বলেন,‘আমার ভাতিজা একটি মামলা করে,সেই মামলাকেই মানবতাবিরোধী অপরাধের মামলা হিসেবে চালিয়ে দেয়’।

ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল এবং মামলার তদন্ত কর্মকর্তা সত্যরঞ্জন রায়।পরে ট্রাইব্যুনাল তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুন সকালে পটুয়াখালী গোয়েন্দা শাখার একটি দল বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ফোরকান মল্লিককে গ্রেফতার করতে সক্ষম হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা,ধর্ষণ ও অগ্নিসংযোগের দায়ে ২০০৯ সালের ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন।

২০১০ সালের ফেব্রুয়ারিতে ফোরকান মল্লিকের বিরুদ্ধে বিচার শুরু হয়। এ সময় তিনি উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিন নেন। গত ৩০ মার্চ বিচারিক কার্যক্রম চলাকালে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

ফোরকান মল্লিকের বিরুদ্ধে বিচার চলাকালে তার বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন,খুন,ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পান পটুয়াখীর আদালত। তখন মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদ মামলাটি গত ২৫ জুন তদন্ত সংস্থার কাছে পাঠান। তদন্ত সংস্থা মামলাটি গ্রহণ করে ২৬ জুন থেকে তদন্ত শুরু করেন তদন্তকারী কর্মকর্তা সত্যরঞ্জন রায়।

৩০ জুন ফোরকান মল্লিককে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো ও তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালে হাজির করানোর আবেদন জানান প্রসিকিউটর প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল। শুনানি শেষে ফোরকান মল্লিককে বৃহস্পতিবার ৩ জুলাই ট্রাইব্যুনালে হাজির করানোর জন্য কারা মহাপরিদর্শককে আদেশ দেন ট্রাইব্যুনাল।

ঢাকা, কেএ, ৩ জুলাই (টাইনিউজবিডি.কম)//এসআর//এসএইচ