মুদ্রা পাচার’সহ বিভিন্ন অভিযোগে রাজধানীর গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় দায়ের করা ৫ মামলার মধ্যে ৩ মামলায় দিলদার’সহ আপন জুয়েলার্সের মালিকদের হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ (সোমবার) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধানী পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এরআগে আপন জুয়েলার্সের মালিকদের হাইকোর্টের দেয়া জামিনের ওপর আপিল বিভাগের স্থগিতাদেশের মেয়াদ ৮ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছিল এই বেঞ্চ। তার আগে ২ জানুয়ারি পর্যন্ত জামিন স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুলে আলম। আপন জুয়েলার্সের মালিক ৩ ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।

উল্লেখ্য, বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের নামে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত মে মাসে গ্রেফতার হন আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদ।

এরপরই আপন জুয়েলার্সের ‘অবৈধ লেনদেন’র খোঁজে তদন্তে নামে শুল্ক গোয়েন্দা। মে মাসের শেষ দিকে আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুম থেকে ১৫ দশমিক ৩ মণ স্বর্ণ এবং ৭ হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার জব্দ করা হয়।

অনুসন্ধান শেষে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিক তিনভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় ৫ টি মামলা করা হয়।

দুই মামলায় গত ২২ আগস্ট ৩ ভাই হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। এরপর বিচারিক আদালতে হাজিরা না দেয়ায় গত ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরদিন আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠান আদালত।

এমবি