১৮ দলীয় জোটের হরতাল চলাকালীন সীতাকুণ্ডে গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিচার শুরু করার অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম জানান, ২০১৩ সালের ১৬ নভেম্বর ১৮ দলীয় জোটের হরতাল চলাকালীন সীতাকুণ্ডের বার আউলিয়া মাজারের সামনে গাড়ি ভাঙচুর, দাঙ্গা ও ত্রাস সৃষ্টির অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সীতাকুণ্ড থানার এসআই নজরুল ইসলাম বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলার এজহারে সালাউদ্দিন কাদের চৌধুরী, আসলাম চৌধুরীসহ ৫২ জনের নাম থাকলেও তদন্তের পর ঘটনায় সংশ্লিষ্টতা না থাকায় অভিযোগপত্রে ১০ জনের নাম বাদ দেওয়া হয়।
৪২ জনকে আসামি করে ২০১৪ সালের ১২ এপ্রিল মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগ আমলে নিয়ে চার্জগঠন করে আসলাম চৌধুরীসহ অন্য আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আদালত।
এছাড়া ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ করা হবে বলে জানিয়েছেন আদালত।
ওএফ





