হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ লাখ টাকার স্বর্ণসহ আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমান বন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার বিকাল সোয়া ৫টার দিকে তাকে আটক করা হয়।
এপিবিএন’র সিনিয়র এএসপি আলমগী হোসেন শিমুল জানান, বিমানবন্দরের বহুতল কার পার্কিং এর নীচতলা থেকে স্বর্ণ বহনের দায়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ৪টি স্বর্ণের বারের ওজন ১০ তোলা করে মোট ৪৬৬ গ্রাম।
উদ্ধারকৃত স্বর্ণের বার বিমানবন্দর কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক স্বর্ণের দাম প্রায় ৪৫ লাখ টাকা বলে জানা গেছে।
আব্দুর রাজ্জাক ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার উত্তর আলমনগরের মৃত আমির মোল্লার ছেলে।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





