অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হুমকিদাতা বাবুল আহমেদের (৩৫) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে রোববার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. তসরুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. ওয়াহিদুজ্জামান এ আসামীকে রোববার আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, সিলেটের বিয়ানীবাজার থানার খশিবন্দ কিয়াছড়া (বৈরাজীবাজার) গ্রামের হাজী লাল মিয়ার ছেলে বাবুল আহমেদ (৩৫) গত ১৩ ডিসেম্বর চার পৃষ্ঠার একটি চিঠি অ্যাটর্নি জেনারেলের কাছে ডাকযোগে পাঠান।
ওই চিঠিতে অ্যাটর্নি জেনারেলকে হুমকি এবং জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে নির্দোষ দাবি করে বাবুল উল্লেখ করেন যে, যদি নিজামী ফাঁসিতে ঝুলে মরে তবে অনন্তকাল আপনি জাহান্নামে জ্বলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা কারণে নিরাপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করছেন। এর ফল একদিন তিনি পাবেন। তার পিতা-মাতা জাহান্নামের আগুনে জ্বলবেন।
চিঠিতে আরো বলা হয়, আগামী ৬ জানুয়ারি নিজামীর আপিলের যে রায় দিবেন তা বুঝে শুনে দিবেন। নিজামীসহ সকলকে মুক্তি না দিলে ভাল হবে না। সব মামলাই মিথ্যা। ভবিষ্যতে চিন্তা করে রায় দিবেন। এই চিঠি পাওয়ার পর গত ৬ জানুয়ারি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
অভিযোগে বলা হয়, আসামী দেশের প্রচলিত আইন, আদালত, সরকার, বিচারপতি এবং দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার প্রতি ঘৃণা ও অবজ্ঞা সৃষ্টি করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন।
এমএম





