মুন গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে অগ্রণী ব্যাংকের সাবেক দুই পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ জুন) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা বেনজির আহম্মদ তাদের জিজ্ঞাসাবাদ করেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

এই দুই পরিচালক হলেন, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক রনজিৎ কুমার চক্রবর্তী ও একেএম মঞ্জুরুল হক লাভলু।

মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে অগ্রণী ব্যাংকের ২৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

সোমবার (২০ জুন) আরেক পরিচালক শাহজাদা মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও তিনি দেশের বাইরে থাকার কারণ দেখিয়ে সময় চেয়ে আবেদন করেছেন।

গত ১৫ জুন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সাবেক চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের ১৫ সদস্যসহ ১৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।

দুদক সূত্র জানায়, মিজানুর রহমান তার মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠান মেসার্স মুন ইন্টারন্যাশনাল প্রেন্টিং প্রেস, মেসার্স মুন বাংলাদেশ লিমিটেড ও মেসার্স এম আর ট্রেডিংয়ের নামে ভুয়া জামানত বন্ধক রেখে ২৭০ কোটি টাকা অগ্রণী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।

ওএফ