নাশকতার অভিযোগে ঢাকার মিরপুর থানায় দায়ের হওয়া ২টি ও পল্টন থানার ১টি মামলায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনসহ পাঁচজন আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত।

আজ (৩০ মে) বৃহস্পতিবার  ঢাকা মেট্রোপলিটন সেশন জজ ইমরুল কায়েসের আদালতে হাজিরা দেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজাক খান, নিতাই রায় চৌধুরী, ফেরদৌস আক্তার ওয়াহিদা ও তৌহিদুল ইসলাম।

তাঁদের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিন আবেদনের শুনানিতে ছিলেন- আইনজীবী ইকবাল হোসেন, খোরশেদ মিয়া আলম, মাসুদ রানা ও মাহবুবুর রহমান দুলাল।

এর আগে এইসব  মামলায় তাঁরা প্রয়োজনীয় সার্টিফায়েড কপিসহ আদালতে হাজিরা দেন ও বেলবন্ড দাখিল করেন।

আইনজীবী মাসুদ রানা সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশে মিরপুর ও পল্টন থানায় দায়ের করা গায়েবি মামলার মূল এফআইআর, চার্জশিটসহ সংশ্লিষ্ট নথিপত্রের নকলসহ হাজিরা দিতে বলা হয়েছে। সে অনুযায়ী গত দু’টি তারিখে হাজিরা দেওয়ার পর আজ (৩০ মে) মামলার মুলনথিসহ আইনজীবীরা হাজিরা দেন।

আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদেরকে জামিন দেন বলে জানান আইনজীবী রানা।

এমবি