সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ (১৫ এপ্রিল) আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই সিদ্ধান্ত নিয়েছেন।

আজ (১৫ এপ্রিল) বৃহস্পতিবার আপিল বিভাগের ভার্চ্যুয়াল বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই কথা বলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ বন্ধ রাখার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানান। তখন প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগের সকল বিচারপতির সঙ্গে এ বিষয়ে আমি আগেই আলোচনা করেছি। সব বিচারপতি একবাক্যে বলেছেন কোর্ট বন্ধ রাখার জন্য। কোর্ট বসবে না।

গতকাল (বুধবার) বিকেল ৪টা ৪৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মতিন খসরু। করোনায় আক্রান্ত হয়ে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

গত ১৩ এপ্রিল (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে আব্দুল মতিন খসরুকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এর আগে গত ৩১ মার্চ শারীরিক অবস্থার উন্নতি হলে কেবিনে আনা হয়েছিল। এরপর আবার অবস্থার অবনতি হলে গত ০৬ এপ্রিল আব্দুল মতিন খসরুকে আইসিইউতে ভর্তি করা হয়।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী ২০২১-২০২২ সেশনের (মার্চে অনুষ্ঠিত) নির্বাচনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচনের পর গত ১৫ মার্চ তিনি করোনা টেস্ট করান। পজিটিভ আসার পর ১৬ মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হয়েছিলো। কিন্তু পরবর্তীতে অবনতি হওয়ায় তাকে ফের আইসিইউতে নেওয়া হয়।

আব্দুল মতিন খসরু ১৯৯১ সালে নৌকা প্রতীক নিয়ে কুমিল্লা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ৭ম সংসদে (১৯৯৬-২০০১) আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে রয়েছেন।

এমবি