দুর্নীতির বিষ বৃক্ষ আদালত অঙ্গনকে কলুষিত করেছে। ফলে আদালত এবং আইনজীবীদের মর্যাদা দিন দিন খুন্ন হচ্ছে। আর আদালত অঙ্গন থেকে দুর্নীতি প্রতিরোধের জোরালো কর্মসূচি না থাকায় বিচার প্রার্থী নিরীহ জনগণও ন্যয় বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে নানা অভিযোগ শোনা যায়।  

অবশেষে আদালত অঙ্গন থেকে দুর্নীতি প্রতিরোধে  মাঠে নামছেন বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির নেতারা। তারা ইতোমধ্যে আদালত অঙ্গন থেকে দুর্নীতি ‌হঠাৎ' শিরোনামে দীর্ঘ মেয়াদী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন।

এ সংগঠনের সেক্রেটারী জেনারেল সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান জানান, আদালত অঙ্গন  ও আইনজীবীদের মর্যাদা রক্ষার পাশাপাশি জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতেই তারা  দুর্নীতি বিরোধী কর্মসূচি দিচ্ছেন।

তিনি বলেন, আদালত অঙ্গনে দুর্নীতি বিরোধী আন্দোলনকে সফল করার জন্য গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির সহ সভাপতি এসএম আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মীর মোখলেসুর রহমান গোলাপ, নুরুল হক মজুমদার, মো. সগীর আনোয়ার, এম সরোয়ার হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, লাকি বেগম প্রমুখ আইনজীবী।

মো. খসরুজ্জামান জানান, আদালতে কর্মরত কতিপয় অসৎ কর্মচারীর অপ্রতিরোধ্য দুর্নীতির কারণে  বিচার প্রার্থী  জনগণ নানা হয়রানীর শিকার হচ্ছেন। সেই সঙ্গে বিচার প্রার্থীরা বাধ্য হচ্ছেন  মামলা পরিচালায় অতিরিক্ত অর্থ ব্যয় করতে। ফলে মেধাবী তরুন ও প্রবীন সৎ আইনজীবীদের মর্যাদা হানি হচ্ছে। সেই সঙ্গে আদালতের মর্যাদাও প্রশ্ন বিদ্ধ হচ্ছে। এমতা অবস্থায় বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির নেতারা নিরব থাকতে পারেন না।

অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান বলেন, আগামী ৩১ ডিসেম্বর আইনজীবীদের নিয়ে রাজধানীতে ‌দুর্নীতি আইনের শাসন ও ন্যায় বিচারের পরিপন্থি' শীর্ষক এক সেমিনারের আয়োজ করবেন। এর পর আগামী ৯ জানুয়ারি 'দুর্নীতি হঠাও' শিরোনামে আন্দোলনের কর্মসূচি সফল করার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে বিভিন্ন জেলা আইনজীবী সমিতির নেতাদের সমন্বয়ে দিনব্যাপী বর্ধিত সভার আয়োজন করেছেন।

একে,এএইচ