২০১৩ সালের ৫ মে দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৭ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল (১৬ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি লালবাগ। মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া তিনি মুফতি আমিনীর জামাতা হিসেবেও পরিচিত।
এমবি





