বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন আব্দুল মাজেদ।

বঙ্গভবনের একটি সূত্রে জানা গেছে, রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই আবেদন খারিজ করে দেন।

আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় কারা কর্তৃপক্ষের সামনে দণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকছে না।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন আব্দুল মাজেদ। আমরা তার আবেদন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। সন্ধ্যার আগে কারাগারে মৃত্যু পরোয়ানা পৌঁছালে তাকে পড়ে শোনানো হয়। পরে তিনি প্রাণভিক্ষা চান।

এর আগে জানানো হয়, আব্দুল মাজেদ যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনায় রাজি হন, তাহলে তার চিঠিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কারাগারের ভেতরে ফাঁসির মঞ্চ সব সময় প্রস্তুত থাকে। তবে পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে কারাগার হস্তান্তরের পর থেকে এখন পর্যন্ত কেরানীগঞ্জ কারাগারে ফাঁসির মঞ্চে কোনো ফাঁসি কার্যকর হয়নি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ গত ২৫ বছর ধরে ভারতে পালিয়ে ছিলেন। করোনাভাইরাস আতঙ্কে সেখান থেকে গত ২৬ মার্চ ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।

দেশে ফেরার গোপন তথ্যের ভিত্তিতে গত ০৬ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এরপর তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এমবি