বড় পুকরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা নিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা দুটি আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সোমবার তাদের করা দুটি আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দেন।

আদালতে তাদের পক্ষে আইনজীবী হাজির না থাকায় আবেদন দুটি খারিজ করে দেওয়া হয়। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি বলেন, “এর ফলে তাদের বিরুদ্ধে মামলা চলতে আইনগত কোনো বাধা নেই।”

বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এ মামলা করে দুদক। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ১০ মন্ত্রীসহ ১৬ জনকে এ মামলায় আসামি করা হয়।

ওই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি করেছেন।

অভিযোগপত্র দাখিলের পর ওই মামলা বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন নিজামী ও মুজাহিদ। বাতিল আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১১ সালের ১৪ ডিসেম্বর হাই কোর্ট তাদের আবেদন খারিজ করে (রুল ডিসচার্জ)রায় দেয়। এর বিরুদ্ধে তারা ২০১২ সালে পৃথক লিভ টু আপিল করেছিলেন।

এএইচ