নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) গ্রেপ্তারকৃত প্রধান সমন্বয়ক আব্দুল নুরসহ জেএমবির ৫ সদস্যের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বেলা ১১টায় জেএমবির গ্রেপ্তারকৃত প্রধান সমন্বয়ক আব্দুল নুর, এহসার সদস্য নুরুজ্জামান আরিফ, নুর ইসলাম সাগর, গায়েবে এহসার সদস্য আবুল কালাম আজাদ ও ফারুক আহম্মেদকে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা এন্ডু কেনেট রোজারিও ২টি মামলায় তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আসামিদের উপস্থিতিতে রিমান্ডের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা দুপুরে দুটি মামলায় ৪ দিন করে মোট ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩১ অক্টোবর শুক্রবার রাতে র্যাব-১২ বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম পাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশন থেকে জেএমবির এই ৫ নেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৯টি প্রাইমারি ডেটোনেটর, ৪৫টি বোতাম টাইম সার্কিট, ১০ কেজি পাওয়ার জেল, বিভিন্ন প্রকার ১৫৫টি সার্কিটসহ বিপুল পরিমাণ জিহাদি বই ও বোমা তৈরির সরাঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-১২ অপরাধ দমন বিশেষ শাখার উপসহকারী পরিচালক (ডিএডি) রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ জিআরপি থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। আটকের পর তাদের সিরাজগঞ্জ জুডিশিয়াল আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে গত ৬ নভেম্বর শুনানি শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলার তদন্তের জন্য র্যাব-১২ এর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে মামলার তদন্তভার র্যাবের হাতে ন্যস্ত করা হয়েছে।
জেআই





