ভুয়া ও জাল কাগজপত্রের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩১ মে) এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। দুদক সূত্র বিয়ষটি নিশ্চিত করেছে।

আসামিরা হলেন- গ্রামীণ ব্যাংকের বরিশালের রায়পাশা শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হাসান, সাবেক কেন্দ্র ব্যবস্থাপক ইব্রাহিম খলিল ও সাবেক কর্মকর্তা শাহ আলম।

ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ২ ডিসেম্বর বরিশাল কোতয়ালি থানায় আসামিদের বিরুদ্ধে এ মামলা করে দুদক।

দুদক সূত্র জানায়, ১২ গ্রাহকের নামে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি ও মিথ্যা ঋণ বিতরণ দেখিয়ে ৬ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা আত্মসা‍ৎ করেন আসামিরা।

তদন্তকালে অর্থ আত্মসাতের ঘটনা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন- দুদকে’র উপ পরিচালক মতিউর রহমান।

ওএফ