মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৪তম সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিনের (৫৮) সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনালে এই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরে মামলার পরবর্তী কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।
এর আগে সাক্ষীর জবানবন্দি গ্রহণে তাকে সাহায্য করেন প্রসিকিউটর জাহিদ ইমাম। পরে প্রসিকিউশনের এ সাক্ষীকে আংশিক জেরা করেন জব্বারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান।
গত ২৯ এপ্রিল এ মামলার তদন্ত সম্পন্ন করে চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করে তদন্ত সংস্থা। ওই প্রতিবেদনের নথিপত্র, সাক্ষ্য প্রমাণসহ যাবতীয় বিচার বিশ্লেষণ করে ৫টি অভিযোগে ৭৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়, পিরোজপুরের মঠবাড়িয়ার (পিস) শান্তি কমিটির চেয়ারম্যান জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে ৫টি অভিযোগে ৭৯ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে মোট এক হাজার ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
কেএ/এসএইচ





