মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ও তার ছেলে রফিক আজাদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও এস এম শাজাহান।
এর আগে গত ২৫ জানুয়ারি সংসদ সদস্য এম এ হান্নান ও তার ছেলে রফিক আজাদ ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন।
গত বছরের ১৯ মে হান্নানসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন।
মামলাটি আমলে নিয়ে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসান হাবিব।
মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ছাড়াও জামায়াত নেতা ফকরুজ্জামান ও শহরতলীর গলগণ্ডা এলাকার গোলাম রব্বানীকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীকে সক্রিয় সহায়তার লক্ষ্যে এম এ হান্নান ছিলেন ময়মনসিংহ জেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদক।
ফকরুজ্জামান ও গোলাম রব্বানি আলবদর বাহিনীর সশস্ত্র সদস্য হিসেবে হান্নানের সহযোগী ছিলেন।
এমকে





