যাত্রাবাড়ী থানায় বাসে পেট্রোলবোমা নিক্ষেপের মামলায় বেগম খালেদা জিয়া, এম.কে. আনোয়ার, রুহুল কবির রিজভীসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৮ জুলাই অনুষ্ঠিত হবে।
আজ রোববার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন। সেই সাথে বিচার ও নিষ্পত্তির জন্য মামলাটি ঢাকার মহানগর ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতে (বিশেষ ট্রাইব্যুনাল-২) পাঠিয়ে দিয়েছেন।
রোববার এ মামলায় বেগম খালেদা জিয়া, এম কে আনোয়ার, রুহুল কবীর রিজভী, খন্দকার মাহবুব হোসেন আদালতে উপস্থিত না হওয়ায় তাদের পক্ষে আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন।
আদালত সময় মঞ্জুর করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন- মোঃ সানাউল্লাহ মিয়া, এম মাসুদ আহমেদ তালুকদার, মোঃ মহসীন মিয়া, হাতেমুল আলম হাতেম, জয়নাল আবেদীন মেজবাহ, মহিউদ্দিন চৌধুরী, তাহেরুল ইসলাম তৌহিদ, আব্দুল খালেক মিলন, ইলতুৎস মিস সওদাগর, হেলাল উদ্দিন, আব্দুল হান্নান ভূইয়াসহ বেশ কিছু আইনজীবী।
এ মামলায় ২০১৫ সালের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বশির উদ্দিন ঢাকা সি.এম.এম আদালত চার্জশিট দাখিল করেন।
মামলায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি চার্জশিট দেয়া হয়েছে। এতে খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখানো হয়েছে। আদালতে বেগম খালেদা জিয়াসহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। ৮১ জনকে সাক্ষী করা হয় ।
এ মামলায় বেগম খালেদা জিয়া আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন। তার সাথে খন্দকার মাহবুব হোসেন, আমান উল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, অধ্যক্ষ সেলিম জামিনে আছেন।
ওএফ





