''গাড়ি আমার ওপরে তুলে দেন। আমি বাঁচতে চাইনা গো। আল্লাহ আল্লাহ। আমারে আপনারা মাইরা ফালান। ও মা গো আল্লাহ রে।’ এমনি আহাজারি শোনা যায় রাজধানীর তেজগাঁও কলোনী বাজার গরুর হাট এলাকার সড়কে। গরু বিক্রির ২৮ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে সব টাকাই ছিনতাই হয়ে যায় হানিফ শেখের।
আজ রবিবার সকালে তেজগাঁও থেকে গাবতলী যাওয়ার পথে আসাদ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
হানিফ শেখ জানান, ধার-দেনা করে কোরবানির হাটে তিনি ১৮টি গরু নিয়ে এসেছেন। কিন্তু গরু বিক্রির নগদ টাকা কাছে রাখা নিরাপদ না ভেবে ছেলে এবং জামাইয়ের মাধ্যমে টাকাগুলো নিজ বাড়ি রাজশাহীতে পাঠাচ্ছিলেন। কিন্তু সকালে তার ছেলে এবং জামাইসহ তিনজন হাটের পাশ থেকে একটি সিএনজি নিয়ে রাজশাহীর গাড়িতে উঠার জন্য গাবতলীর দিকে রওনা হন।
আসাদগেট এলাকায় হঠাৎ চালক সিএনজি থামিয়ে দিয়ে বলে ইঞ্জিনে সমস্যা। এই বলে চালক সিএনজি থামিয়ে নামেন। সঙ্গে সঙ্গেই দুইজন লোক এসে বলে তোরা ছিনতাইকারী। সিএনজি থেকে নেমে আয়। এমন কথা শুনে তারা নিজেদের গরু ব্যবসসায়ী পরিচয় দেয়। তবুও কথা না শুনে চেক করার নাম করে সিএনজি থেকে নামায়। এরপর একটি স্থানে নিয়ে তারা নানা প্রশ্ন করা শুরু করে। এরই ফাঁকে সিএনজি চালক টাকার ব্যাগসহ লাপাত্তা হয়েছে যায়।
এ ঘটনায় হাটের পুলিশ সদস্যদের পরামর্শে মোহাম্মদপুর থানায় তার ছেলে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান ভুক্তভোগী হানিফ শেখ।
এ বিষয়ে মোহাম্মাদপুর থানার পরিদর্শক অপারেশ মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল সুনির্দিষ্ট করে বলতে পারছেন না ভিকটিমরা। সে কারণে মোহাম্মাদপুর থানার একটি টিম ও শেরে-ই-বাংলা নগর থানার অপর একটি টিম ঘটনাটি তদন্তে কাজ করছে।’
এএস





