দি সিটি ব্যাংকের প্রধান শাখার পাঁচ উর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।

বিভিন্ন ব্যাংকের হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় দুদকের উপপরিচালক জুলফিকার আলী তাদের জিজ্ঞসাবাদ করছেন। দুপুর পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলবে বলে দুদক সূত্রে জানা গেছে।

ওই ৫ কর্মকর্তা হলেন- সিটি ব্যাংকের প্রধান শাখার প্রাক্তন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল ফারুক, প্রাক্তন এসএভিপি মো. মিজানুর রহমান, প্রাক্তন ইভিপি ও ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস, প্রাক্তন ভিপি মো. শওকত আলী ও সৈয়দ ফাখরী ফয়সাল।

বিভিন্ন ব্যাংক থেকে হাজার কোটি ঋণ জালিয়াতির ঘটনায় দি সিটি ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে ১৮ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটে। ওই ঘটনা অনুসন্ধানে গত ৯ ফেব্রুয়ারি তাদের দুদকে হাজির হওয়ার জন্য তলব করে চিঠি দেয়া হয়েছিল।

দুদক সূত্রে জানা যায়, ওয়াহিদুর রহমান নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে দেশের চারটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

সিটি ব্যাংক ছাড়াও বেসিক ব্যাংক থেকে ৭৬৭ কোটি টাকা, ইসলামিক আইসিবি ব্যাংক থেকে ১০০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৫২ কোটি এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি থেকে দুই কোটি ৪০ লাখ টাকা নেয়া হয়েছে।

এর বেশির ভাগ টাকাই তিনি ঋণ নিয়েছেন ভুয়া ও বেনামি প্রতিষ্ঠানের নামে। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সময়ের অনুসন্ধানে এ সব তথ্য বেরিয়ে আসলে পরবর্তী সময়ে দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।

এআর