আমদানি-রফতানির নামে অর্থ আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের মহাব্যবস্থাপকসহ বর্তমান ও সাবেক পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৭ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির উপ-পরিচালক জাহাঙ্গীর আলম তাদের জিজ্ঞাসাবাদ করেন বলে দুদক সূত্রে জানা যায়।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, মো. নাজিম উদ্দিন, ডিজিএম মো. মনিরুজ্জামান এবং সাবেক জিএম মো. নুরুজ্জামান ও দাউদ আহমেদ শিকদার।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দুদক উপ-পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে জনতা ব্যাংকের প্রায় ২৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বর্তমান ও সাবেক চার কর্মকর্তাসহ পাঁচ জনের নামে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন জনতা ব্যাংকের জিএম মো. মঞ্জুরুল ইসলাম, সাবেক এজিএম শামীম আহমেদ খান, জনতা ব্যাংক লোকাল অফিসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মশিউর রহমান, লোকাল অফিসের সাবেক ম্যানেজার এ এস এম জহিরুল এবং মেসার্স ঢাকা ট্রেডিং হাউজের মালিক মো. টিপু সুলতান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চিনি ও বাচ্চাদের খাবার আমদানির নামে জনতা ব্যাংকের লোকাল অফিসে ঢাকা ট্রেডিং হাউজের অনুকূলে এলসি খোলেন মো. টিপু সুলতান।
পরে সেই এলসির বিপরীতে মালামাল আমদানি না করে আসামিরা পরস্পর যোগসাজশে এই কোম্পানির হিসাব নম্বরে ২৫০ কোটি ৯৬ লাখ ১ হাজার ৪৫৫ টাকা স্থানান্তর করে। ২০১০ থেকে ২০১২ সালের বিভিন্ন সময়ে আসামিরা ব্যাংক থেকে এই অর্থ তুলে আত্মসাত করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
ওএফ





