ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

অস্ত্র ও মাদকের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার (১ নভেম্বর) ঢাকা মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ধীমান চন্দ্র মন্ডল এই রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া মাদকের মামলায় ড্রাইভার সাজ্জাদ হোসেনকে ৫ দিনের রিমান্ড দেন আদালত।

কাউন্সিলর ময়নুলকে মাদক ও অস্ত্র মামলা ১৪ দিনের ও তার ড্রাইভার সাজ্জাদ হোসেনকে মাদক মামলায় ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে ময়নুলের ১০ দিন এবং সাজ্জাদের পাঁচ দিন রিমান্ড আদেশ দেন আদালত।

গতকাল (৩১ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে র‌্যাব টিকাটুলীর অফিসে অভিযান চালিয়ে কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করে। পরে হাটখোলা রোডে তার বাসায় অভিযান চালায়।

এসব স্থান থেকে ২টি পিস্তল, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। বাড়ি থেকে মঞ্জুর গাড়িচালক সাজ্জাদকেও গ্রেফতার করে র‌্যাব।

এর আগে গত বুধবার রাতে কাজী রনি নামে রাজধানী সুপারমার্কেটের একজন ব্যবসায়ী ওয়ারী থানায় মনজুর বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। পরে চাঁদাবাজির মামলায় প্রথমে গ্রেফতার করা হলেও মঞ্জুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা হয়।

এমবি