‘ক্যাসিনো সম্রাট’ খ্যাত গ্রেফতার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি (সদ্য বহিষ্কৃত) ইসমাইল চৌধুরী সম্রাটকে কারাগার থেকে মঙ্গলবার (০৮ অক্টোবর) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, সম্রাট এখন হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার চিকিৎসায় হাসপাতালের পরিচালক আফজালুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বুকে ব্যথা অনুভব করলে সকাল ৭টার দিকে কেরানীগঞ্জ কারা কর্তৃপক্ষ সম্রাটকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। খবর ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)।
গত ৬ অক্টোবর (রোববার) কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট এবং যুবলীগ ঢাকা দক্ষিণের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি আরমানকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)।
সম্রাটের কাকরাইল অফিস থেকে ক্যাঙ্গারুর চামড়া উদ্ধারের পর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।
ওইদিনই তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এমবি





