সাভার পৌর এলাকার গেন্ডা পুকুরপাড় থেকে আটক সন্দেহভাজন পাঁচ জেএমবি সদস্যকে জিজ্ঞসাবাদে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।

বুধবার সাভার থানার পুলিশ ওই পাঁচজনকে আদালতে সোপর্দ করে অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনের দুই মামলায় ১৪ দিনের রিমান্ডের আবেদন করেন। ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল-আমিন শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পুকুরপাড় এলাকায় অ্যাডভোকেট মিন্টু মিয়ার মালিকানাধীন আটতলা বাড়ির সপ্তম তলায় অভিযান চালিয়ে জেএমবি সদস্যদের আটক করে সাভার মডেল থানা পুলিশ।

আটককৃতরা হল- হাবীবুর রহমান (২০), ইমাম হোসেন (১৯), নূরে আলম, মুনতাসির বিল্লা (২০) ও নিজামউদ্দিন (২১)। এদের মধ্যে হাবীবুর রহমান ও ইমাম হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১৬ রাউন্ড গুলি ও ১০টি ককটেল, বিপুল পরিমাণ জিহাদী বই ও চাঁদা আদায়ের রশিদ বইও পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

এমআর