আজ রোববার ব্যারিস্টার ফখরুলের জামিন নামঞ্জুর করেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী সালাউদ্দিন কাদের(সাকা) চৌধুরীর রায়ের কপি ফাঁসের অভিযোগের মামলায় এ আদেশ দেন আদালত।
ব্যারিস্টার ফখরুল সাকা চৌধুরীর আইনজীবী ছিলেন। এর আগে ব্যারিস্টার ফখরুলকে আদালতে হাজির করে জামিন আবেদন করেন তার আইনজীবী এ্যাডভোকেট তাহেরুল ইসলাম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১ অক্টোবর মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
তবে রায় ঘোষণার আগেই সাকা চৌধুরীর স্ত্রীসহ পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ আনেন। তারা রায়ের খসড়া কপি সংবাদিকদেরও দেখান।
এ অভিযোগকে কেন্দ্র করে গত বছরের ৪ অক্টোবর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা জোনের পরিদর্শক ফজলুর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি করেন।
গত ২৮ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহজাহান হোসেন সাতজনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র দেন।
মামলার এহজারে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পিতভাবে এসব তথ্য ফাঁস করেন। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংরক্ষিত কম্পিউটারে রক্ষিত ফাইল থেকে পেনড্রাইভের মাধ্যমে তথ্য সরবরাহ ও পরে অনলাইনে প্রকাশ করেন। এতে তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অপরাধ করেছেন।
এমকে





