রাজধানীর ভাষানটেকে শনিবার রাতে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শাহ আলম (২৬) ও ইসমাইল হোসেন ওরফে বাবু (২৩) নামের ওই দুজনই ব্যাটারি চালিত অটোরিকশা চালক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনা সম্পর্কে গুলিবিদ্ধ ওই দুই ব্যক্তি এবং পুলিশের পক্ষ থেকে দুই রকম বক্তব্য পাওয়া গেছে। গুলিবিদ্ধ শাহ আলম ও বাবু বলেছেন, চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে, পুলিশ বলেছে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের তাঁরা গুলিবিদ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শাহ আলম রাজধানীর কুমিল্লা বস্তি ও ইসমাইল ভাষানটেক বাজারের বস্তিতে থাকেন।
শনিবার রাত সোয়া নয়টার দিকে ভাষানটেকের সিএনজি স্টেশনের সামনে স্থানীয় কয়েকজন যুবক আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে শাহ আলমের পিঠে ধারালো অস্ত্রের আঘাত এবং পেটে গুলি লাগে। অন্যদিকে ইসমাইলের পাজরে ও হাতে গুলি লাগে। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
ইসমাইল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় স্থানীয় জান শরীফ, নবীসহ ১০-১৫ জন এ হামলার ঘটনা ঘটিয়েছে।
তবে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসনে আরা জানান, ভাষানটেক বাজারের বস্তিবাসীদের দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা, ১৭ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, কেএ





