রাজধানীর মগবাজারের আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি কালাবাবু ওরফে কাইল্যা বাবু গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন।

রোববার গভীর রাতে রমনার থানার ওয়ারলেস বেপারি গলিতে এ ঘটনা ঘটে।

পরে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ট্রিপল মার্ডার মামলার বাদী মো.শামীম হোসেন ওরফে কালাচাঁন সোমবার ভোরে কালাবাবুর লাশ সনাক্ত করেন।

রমনা থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কালাবাবুর আরো দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান খান জানান, গভীর রাতে কালাবাবুর নেতৃত্বে একটি দল ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে যায়।

তখন পুলিশের উপর গুলি চালায় সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি চালালে আহত হন কালাবাবু। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ভোর ৫টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

এ ঘটনায় ডিবির এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও কনস্টেবল সামান্য আহত হন। আহতদের রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান মিজানুর রহমান খান।

প্রথম দিকে কালাবাবুর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গত ২৮ আগস্ট রাতে রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকার সোনালীবাগে রেলের জায়গার দখলদারিত্ব নিয়ে সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন।

শীর্ষ সন্ত্রাসী কালাবাবু বাহিনীর সন্ত্রাসীরা সোনালীবাগের ৭৮ নম্বর বাড়িতে ঢুকে ওই বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেন (২২), মুন্না (২০) ও বৃষ্টিকে (৩২) গুলি করে হত্যা করে বলে মামলায় অভিযোগ করেছিলেন বাদী।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ