আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সংসদ সদস্য আমানুর রহমান খানকে বিচারিক আদালতে হাজির করতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
মামলার তারিখে বিচারিক আদালতে আমানুরকে হাজির করা হয় না জানিয়ে এ বিষয়ে নির্দেশনা চেয়ে অ্যাটর্নি জেনারেলের আরজির পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়।
আমানুরের জামিন বিষয়ে আপিল আদালতের দেয়া আদেশ সংশোধন চেয়ে করা এক আবেদনের শুনানিকালে এই আদেশ আসে।
আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ ওই আবেদন শুনানি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি (স্ট্যান্ড ওভার) রেখেছেন।
এর আগে জামিন বিষয়ে আদেশ সংশোধন চেয়ে আবেদন তুলে ধরে আমানুরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।
গত ৮ মে এই মামলায় সাংসদ আমানুর রহমান খানের জামিন চার মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। পাশাপাশি এ সময় পর্যন্ত শুনানি মুলতবি রাখা হয়।
এর আগে গত ১৩ এপ্রিল ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খানের জামিন দেন হাইকোর্ট। এ সময় কেন আমানুর রহমান খানকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট।
এমবি





