জামায়াতের আমির মতিউর রহমান নিজামী রিভিউ আবেদন করবেন বলে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে পৌঁছায়।

সকাল ১০টার দিকে নিজামীর সেলে গিয়ে তাকে মৃত্যুর পরোয়ানা পড়ে শোনানো হয়।

এ সময় তিনি রায় পুনর্বিবেচনার জন্য আইনজিবীদের সাথে আলোচনা করে রিভিউ করবেন বলে মত প্রকাশ করেন।

এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ওই পরোয়ানা পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত রাত সাড়ে ৯টায় লাল কাপড়ে মুড়িয়ে মৃত্যু পরোয়ানাটি পাঠানো হয়।

গত ৬ জানুয়ারি জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে সংক্ষিপ্ত রায় ঘোষনা করে আপিল বিভাগ।

এর দুই মাস পর প্রধান বিচারপতি এস কে সিনহাসহ চার বিচারপতির স্বাক্ষর শেষে মঙ্গলবার বিকেলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আদালত।

আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায়ে বুদ্ধিজীবী হত্যা ও পাবনার সাঁথিয়ায় হত্যা ও ধর্ষণের দায়ে (২, ৪ ও ১৬ নম্বর) তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখেন।

নিজামীর আপিল আংশিক মঞ্জুর করে তিনটি অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

উল্লেখ্য যে, ২০১০ সালের ২৯ জুন থেকে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।

এসএম