ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম চলছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা ৬ মিনিটে ৫ সদস্যের আপিল বেঞ্চ বসেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন-বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ১ মাসের ছুটির পর সোমবার দিবাগত রাতে বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

গতকাল সোমবার প্রধান বিচারপতি অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতির কাছে ১ মাসের ছুটি চান। বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর পর রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের চলমান অবকাশকালীন ছুটির পর সৌজন্য সাক্ষাতের আয়োজন চলছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সুপ্রিম কোর্টের মূল ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ৩ অক্টোবর মঙ্গলবার সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মূল ভবনের ভেতরে লনে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

এমবি