মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি আগামীকাল মঙ্গলবার ধার্য করেছেন আদালত।
রোববার দুপুরে আদালত এই দিন ধার্য করেন।

বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন কামারুজ্জামানেরন আইনজীবীরা। বেলা সাড়ে ১১টার দিকে তার আইনজীবী শিশির মনির হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন।

রিভিউ আবেদন বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, রিভিউ আবেদন দাখিল হওয়ায় আপাতত কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা স্থগিত থাকবে।

বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন আইনজীবী তাজুল ইসলাম ও শিশির মনিরসহ পাঁচজন আইনজীবী। এসময় সাংবাদিকদের তাজুল ইসলাম বলেছিলেন, রিভিউ আবেদনের বিষয়েই কামারুজ্জামানের সঙ্গে কথা হয়েছে। বৃহস্পতিবার রিভিউ আবেদন করা হবে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। এরপর গত ১৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে ট্রাইব্যুনালে পাঠানো হয়।
১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানসহ তিন বিচারপতি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন। ঐ দিনই তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর তার আইনজীবীরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করে রিভিউ আবেদন করা হবে বলে জানান।

জেএ