নারায়ণগঞ্জে থানায় ঢুকে ডিউটি অফিসারকে গুলি করে হত্যার চেষ্টায় আটক হওয়া জাতীয় পার্টি নেতা আল জয়নালকে আটকের পরে অজ্ঞাত কারণে ছেড়ে দিয়েছে পুলিশ।
গত রাত সাড়ে ১০টায় সদর মডেল থানায় ওই ঘটনায় আটক করার ১৮ ঘন্টার মাথায় আজ (২৫ ডিসেম্বর) মঙ্গলবার বিকালে জয়নালকে ছেড়ে দেয়া হয়। এই ঘটনায় নগরী জুড়ে উঠেছে সমালোচনার ঝড়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৪ ডিসেম্বর) রাতে আল জয়নাল সদর থানায় এসে ডিউটি অফিসার এএসআই আনোয়ারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে পুলিশ আল জয়নালকে আটক করে।
ঘটনার পরপর রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানিয়েছিলেন, প্রাথমিকভাবে নিশ্চিত যে, থানার ডিউটি অফিসারকে হত্যা করতেই এই কাজটি করেছেন জয়নাল। যদিও আল জয়নালের দাবি ছিল বৈধ অস্ত্র জমা দিতে থানায় প্রবেশ করেছিলেন তিনি।
এদিকে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে আটককৃত আল জয়নালকে ছেড়ে দেয় সদর মডেল থানা পুলিশ। তাকে ছেড়ে দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম।
উল্লেখ্য,গত ৩০ মে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন আল জয়নাল। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শ্রমিক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি মনোনীত হন। নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসন থেকে তিনি জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীও ছিলেন। তবে আসনটিতে প্রার্থী হন আওয়ামী লীগের আলোচিত নেতা শামীম ওসমানের বড় ভাই ব্যবসায়ী নেতা সেলিম ওসমান।
এমবি





