রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ৮৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (০৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- শফিকুল ইসলাম, জহিরুল হক, মজিবুর রহমান, দুলাল ও মোকলেসুর রহমান।

আসামি পক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ এই তথ্য জানিয়েছেন।

এদিন তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পরিদর্শক মাসুদ পারভেজ। আসামিপক্ষে আইনজীবী ফারুক আহাম্মদ রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল (০৮ জানুয়ারি) শুক্রবার দুপুরে রাজধানীর রামপুরা থানার চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এই ঘটনায় রামপুরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ও ডি ধারায় অভিযোগ আনা হয়।

এমবি