রাজধানীর মিরপুরের রূপনগরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ৬ শিশু নিহতের ঘটনায় অভিযুক্ত বেলুন বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল (৩০ অক্টোবর) বুধবার রাতে আবু সাইদকে (৩০) পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে নেয়া হয়। এরপর চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রূপনগর থানা পুলিশ। 

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর থেকেই আমরা বেলুন বিক্রেতাকে খুঁজছিলাম। রাতে খবর পাই তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে তাকে হেফাজতে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি পুলিশি প্রহড়ায় চিকিৎসাধীন। 

গতকাল (বুধবার) মধ্যরাতে রূপনগর থানায় বিস্ফোরক আইনেবেলুন বিক্রেতার বিরুদ্ধে মামলা করা হয়। মামলা নম্বর ৩০। মামলায় বাদী হয় পুলিশ। 

ওসি আবুল কালাম আজাদ বলছিলেন, বেলুন বিক্রেতা আবু সাঈদের বিরুদ্ধে নরহত্যা তথা বিস্ফোরণ আইনে মামলা করা হয়েছে।

গতকাল রূপনগর থানার শিয়ালবাড়ি বস্তির শিশুরা বেলুন কিনতে গিয়েছিল। ভ্যানগাড়িতে করে বেলুন বিক্রি করতেন ওই বেলুনওয়ালা। সিলিন্ডারের গ্যাসে ফোলাতেন বেলুন। সেই সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। পথের মধ্যেই লাশ হয় ৪ শিশু। ১ জনের লাশ পাওয়া যায় বস্তিতে। এতে আহত হয় ১৭ জন। 

নিহতরা হলো- ৮ বছর বয়সী রায়হান, ৭ বছর বয়সী নূপুর, ৯ বছরের শাহীন, ৬ বছর বয়সী ফারহানা ও আরও একজন ৭ বছর বয়সী শিশুর নাম জানা যায়নি।

বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। মুহূর্তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজনদের আহাজারি ও আহতদের নিয়ে ছোটাছুটি শুরু হয়। 

এমবি