৭১ এ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের মামলায় তৃতীয় সাফাই সাক্ষ্য গ্রহনে আগামী ১৭ এপ্রিল পুণনির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার মোবারকের আইনজীবী তারিকুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ওই দিন ধার্য্য করেন।
গত ২ এপ্রিল মোবারকের বড় ছেলে মোহাম্মদ আসাদ উদ্দিন দ্বিতীয় সাফাই সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। গত বছরের ১৫ ডিসেম্বর মোবারক নিজে প্রথম সাফাই সাক্ষ্য দেন।
ওই বছরের ২৬ নভেম্বর মোবারকের পক্ষে তিনজনকে সাফাই সাক্ষীর অনুমতি দেন ট্রাইব্যুনাল। চলতি বছরের ২০ মে মোবারকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ২৫ নভেম্বর শেষ হয়। এই সময়ের মধ্যে এ মামলার তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের মোট ১২ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।
মোবারক হোসেনের বিরুদ্ধে গত বছরের ২৩ এপ্রিল মানবতাবিরোধী অপরাধে অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে হত্যা,আটক,নির্যাতন ও অপহরণের পাঁচটি অভিযোগে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
১৬ মে মোবারকের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর অ্যাডভোকেট জাহিদ ইমাম।
উল্লেখ্য, ৭১ এ সংঘটিত একটি হত্যার অভিযোগে মোবারকের বিররুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। পরে ২০১১ সালের
৯ অক্টোবর মোবারক হোসেন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
মামলাটি পরে ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এ মামলায় আটক হন মোবারক হোসেন।
[b]ঢাকা, একেএ, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]