আমার দেশ পত্রিকার (ভারপ্রাপ্ত) সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশের অভিযোগে দায়ের করা ২৩টি মামলা বাতিলে জারি করা রুল খারিজ করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে ওই সব মামলার ওপর এর আগে দেওয়া স্থগিতাদেশও তুলে নিয়েছেন আদালত। এতে করে এসব মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
আজ (রোববার) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা ও সূচিরা হোসাইন। মামলার বাদীপক্ষে ছিলেন- আইনজীবী মো. রফিকুল ইসলাম ফারুক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৭ ডিসেম্বর দৈনিক আমার দেশ পত্রিকায় সজীব ওয়াজেদ জয় ও তৌফিক-ই-ইলাহী বিনা দরপত্রে শেভরনকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ৫ মিলিয়ন ডলার লাভ করেন মর্মে সংবাদ প্রকাশ করে।
এই সংবাদ প্রকাশের পর আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন জেলায় মামলা করেন। এসব মামলার বিরুদ্ধে ২০১০ সালে হাইকোর্টে আবেদনের পর মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করা হয়।
এমবি





