নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপম এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডল জনান, রহম আলীকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার সন্ধ্যায় কুমিল্লার বুনিয়ারচং থেকে রমকে আটকের পর সাত খুনের মামলায় গ্রেফতার দেখিয়ে রাতেই তাকে নারায়ণগঞ্জে নেওয়া হয়। তার বিরুদ্ধে এই মামলা ছাড়াও নারায়ণগঞ্জে দুইটি ও ঢাকার ওয়ারী থানায় একটি মামলা রয়েছে।

মামলার বাদী পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন জানান, রহম আলী ছিল নূর হোসেনের খুবই ঘনিষ্ঠ সহযোগী। নূর হোসেনের ১১টি অস্ত্রের মধ্যে একটি অস্ত্রের লাইসেন্স ছিল রহম আলীর নামে। আলোচিত সাত খুনের ঘটনাসহ নূর হোসেনের অনেক গোপন বিষয় সম্পর্কে তিনি জানেন। তাকে জিজ্ঞাসাবাদে সাত খুনের ঘটনার বিষয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে।

২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর সাতজনেরই মরদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।

 

খুনের ঘটনায় এ পর্যন্ত র‌্যাবের প্রাক্তন তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ ১৭ জন র‌্যাব সদস্যসহ মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন র‌্যাব সদস্যসহ ১৯ জন আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর ১২ জন র‌্যাব সদস্যসহ মোট ১৭ জন আদালতে স্বাক্ষী হিসেবে জবানবন্দি দেন।

এএইচ