নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী খান সুমন সোমবার কলকাতার একটি আদালত থেকে জামিন লাভ করেছেন। উত্তর২৪ পরগনার বারাসাতের জেলা ও দায়রা জজ অমিতাভ চট্টোপাধ্যায় সুমনের জামিনের আবেদন মঞ্জুর করেন।

এ দিন সকালে উত্তর২৪ পরগনা জেলার দায়রা জজ আদালতে খান সুমনের পক্ষে আইনজীবী তারক চন্দ্র দাস ও অনুপ ঘোষ তার বাংলাদেশের বৈধ পাসপোর্ট, ভিসা এবং এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিটের ফটোকপিসহ জামিনের আবেদন করেন। আইনজীবীরা আদালতকে জানান, বাগুইআটি থানার পুলিশ অবৈধ অনুপ্রবেশের মিথ্যা মামলায় সুমনকে ফাঁসিয়েছে।

এর আগে উত্তর২৪ পরগনা জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় তিনবার খান সুমনের জামিনের আবেদন খারিজ করে দেন। এরপর খান সুমন জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন।

এদিকে, নূর হোসেনের সঙ্গে ধরা পড়া তার আরেক সহযোগী ওহিদুজ্জামানের জামিন আবেদনের শুনানি ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই