নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সাত খুনের ঘটনার রহস্য উদ্‌ঘাটন করতে জরুরি ভিত্তিতে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে হবে।

সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৪০৫ নম্বর কক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করেন হাইকোর্টের নির্দেশে গঠিত এ তদন্ত কমিটির প্রধান মো. শাহজাহান আলী মোল্লা।

আইভী সাংবাদিকদের বলেন, নূর হোসেনকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা উচিত। তাহলে বের হয়ে আসবে সাত খুনের ঘটনা কীভাবে ঘটেছে এবং এর মদদদাতা কারা।

কাউন্সিলর হত্যায় সংসদ সদস্য শামীম ওসমানের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার কোনো কাছের মানুষ বা আত্মীয় নয়, এ ঘটনায় আমি কিংবা আমার সন্তানও যদি জড়িত থাকে তাহলে সেটা খুঁজে বের করুন। তাতে আমার কোনো আপত্তি নেই। আমার সন্তান জড়িত থাকলে তাকেও বিচার প্রক্রিয়ায় আনার ক্ষেত্রে আমি কোনো বাধা দেব না। মূল অপরাধীকে খুঁজে বের করুন।’

আইভী বলেন, ‘সাত খুনের ঘটনার পর থেকে এখন পর্যন্ত মানুষ আতঙ্কে রয়েছে। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের বিচারকাজ শেষ পর্যায়ে যেতে পারেনি। ত্বকী হত্যা, নাট্যকর্মী চঞ্চল, ছাত্রলীগের মিঠুকে হত্যার বিচার এখনো শেষ হয়নি। যেখানে জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে সেখানে আমার কথা বলার প্রয়োজন নেই। মানুষ মরে একবার। আমি মৃত্যুকে ভয় পাই না।’

তিনি বলেন, এ সরকারের আমলেই তিন অফিসারকে গ্রেফতার করা হয়েছে। সরকার চাইলে বাকিরাও গ্রেফতার হবে। অপেক্ষা করুন। অনেক বিষয় বের হয়ে আসছে। বাকি কাহিনীও বের হয়ে আসবে।

এ সময় হত্যাকাণ্ডের বিষয়কে অন্য দিকে ঘুরাতে তার নামে কুৎসা রটনা করা হয়েছে বলেও অভিযোগ করেন আইভি।

সাত খুনের ঘটনায় নিহত নজরুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের ২ নম্বর প্যানেল মেয়র ছিলেন। অন্যদিকে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন এ হত্যা মামলার প্রধান আসামি।

গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে সাতজনেরই মরদেহ। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই