মাওলানা ফারুকী হত্যাকাণ্ডের সঙ্গে কয়েকটি উগ্র জঙ্গিগোষ্ঠী জড়িত বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর মুখপাত্র মনিরুল ইসলাম।
সোমবার সকালে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডিএমপি মুখপাত্র বলেন, 'ফারুকী হত্যার পেছনে কারণ হিসেবে আমরা প্রথমে তার আর্থিক ও পারিবারিক কারণগুলোকে সামনে নিয়ে ছিলাম। কিন্তু সার্বিক তদন্তে যেসব নিদর্শন পাওয়া গেছে তাতে আমরা নিশ্চিত হতে পেরেছি, এ হত্যাকাণ্ডের সঙ্গে কয়েকটি জঙ্গিগোষ্ঠী জড়িত আছে।'
তিনি আরও বলেন, পবিত্র কোরআনের ব্যাখ্যায় মাওলানা ফারুকীর সঙ্গে জঙ্গিগোষ্ঠীর মিল না থাকায় তাকে হত্যা করা হয়েছে।
মনিরুল ইসলাম বলেন, শুধু ফারুকী হত্যা নয়, গোপীবাগে পীর লুৎফর রহমানসহ সিক্স মার্ডারের সঙ্গেও এই জঙ্গিগোষ্ঠী জড়িত।
উল্লেখ্য, গত ২৭ অগাস্ট রাতে পূর্ব রাজাবাজারের বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
ফারুকী সুন্নি মতাবলম্বী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপনাও করতেন তিনি।
ঢাকা, জেইউ, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





