যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতা গোলাম কিবরিয়া (জি.কে) শামীমের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, অস্ত্র ও মদ পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে গুলশানের নিকেতনে ডি ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাসায় অভিযান চালায় র‌্যাব। এই বাসায় জি.কে শামীমের অফিস অবস্থিত।

গোলাম কিবরিয়া (জি কে) শামীম যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।

র‌্যাব সূত্র জানায়, শামীমের অফিসের ভেতর থেকে নগদ প্রায় ১০ কোটি টাকা, ২০০ কোটি টাকার এফডিআর চেক ও ১০০ কোটি টাকার চেক উদ্ধার করা হয়। এছাড়া প্রচুর পরিমাণ গুলি, ম্যাগজিন, মাদকও উদ্ধার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, অভিযানে বিপুল পরিমাণ টাকা ও একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এখনো টাকা গণনা চলছে। টাকার পরিমাণ বাড়তে পারে। এছাড়া অভিযানে বিদেশি মদের বেশ কয়েকটি বোতল উদ্ধার করা হয়েছে।

বিকালে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সংবাদ ব্রিফিংয়ে জানান, এর মধ্যে কিছু টাকা অবৈধভাবে উপার্জন করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শামীমকে আটক করা হয়েছে।

ইতোমধ্যে জি.কে শামীমকে তার ৭ দেহরক্ষীসহ আটক করা হয়েছে। নিকেতনের চারতলা ওই বাসায় শামীমের কোম্পানির নাম জি.কে.বি কোম্পানি প্রাইভেট লিমিটেড। নিকেতন এলাকাতে শামীমের আরেকটি বাসা আছে। ওখান থেকে তাকে ডেকে নিয়ে তার অফিসে আসা হয়। তাকে নিয়ে এখানে অভিযান চালাচ্ছে র‌্যাব।

এমবি