পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখের আদালত মামলার শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশ ওই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল।
এর আগে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ থেকে মির্জা ফখরুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। পরে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
গত ৭ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে গ্রেফতার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেদিন রাতে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাকে রাখা হয়। পরদিন বুধবার বিকেল সাড়ে ৩টায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়।
গত ৪ জানুয়ারি রাতে গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে বিচারক রিমান্ড এবং জামিনের দুটি আবেদনই নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেদিনই মির্জা ফখরুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
এআর





