মানবতাবিরোধী অপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউয়ের আদেশ বা রায়ের পূর্ণাঙ্গ কপি খুব শিগগিরই প্রকাশ পাবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দুপুরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
মাহবুবে আলম বলেন, ‘গতকাল বুধবার এই আাসামির রিভিউ আবেদনের আদেশের সংক্ষেপ চেয়েছিলাম। আদালত বলেছেন এর প্রয়োজন হবে না।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিশেষ করে আরেক মামলার আসামি কাদের মোল্লার রিভিউয়ের রায়ে উল্লেখ করা আছে- যখন মৃত্যু পারোয়ানা কারাগারে যাবে রাষ্ট্র তখন থেকেই তারিখ নির্ধারণ করে রায় কার্যকরের উদ্যোগ নিতে পারবে এবং রায় কার্যকর করতে পারবে। যেহেতু সাকা-মুজাহিদের রিভিউ খারিজ হয়েছে, স্থগিতাদেশ আর নেই, সেহেতু রায় কার্যকর করতেও কোনো বাধা নেই।’
রায়ের বিষয়টি কারা কর্তৃপক্ষকে কে জানাবে এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, ‘সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জানাতে পারেন অথবা আদালতের আদেশ এমনিতেও চলে যাবে। তবে কারা কর্তৃপক্ষ হয়তো বা লিখিত আদেশ পাওয়ার পরই আসামিদের কাছে প্রাণভিক্ষার আবেদনের কথা জানতে চাইবেন। এরপরই রায় কার্যকরের উদ্যোগ নেয়া হবে।’
তিনি বলেন, ‘আজকেও আদালতের কাছে একটি শর্ট অর্ডার চেয়েছিলাম। আদালত বলেছে এটার দরকার হবে না। এতে আমি এ ইঙ্গিতই পাচ্ছি যে, অতি শিগগিরই পূর্ণাঙ্গ রায়টা পেয়ে যাব।’
কাদের মোল্লা রিভিউ পিটিশনের আদেশ এক বছর পরে পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘কাদের মোল্লার ক্ষেত্রে পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করা হয়নি।’
সাকা ও মুজাহিদের রায় কার্যকর করার প্রসঙ্গে তিনি বলেন, ‘কারা কর্তৃপক্ষ যদি মনে করেন কাগজ দরকার, আদেশ দরকার সেটার জন্য অপেক্ষা করতে পারেন। সেটাও অতি শিগিগিরই পেয়ে যাব বলে আমরা আশা করছি।’
বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। এরপর তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে নিয়ে যাওয়া হয়।
এমএইচ





