মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও পিরোজপুরের মঠবাড়িয়ার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।
রোববার বেলা ১১টার পর ট্রাইব্যুনালের রেজিস্টারের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ দাখিল করা হয়।
গত ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আবদুল জব্বারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে জমা দেয় তদন্ত সংস্থা।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পার্টির সাবেক ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের ৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
স্বাধীনতা যুদ্ধের সময় ৩ হাজার ৬০০ জনকে হত্যা, ২০০ হিন্দুকে জোরপূর্বক ধর্মান্তকরণসহ ৫৫৭টি বাড়িঘর লুট ও অগ্নিসংযোগ করার অপরাধে অভিযুক্ত করা হয় তাকে। তিনি একাত্তরে পিরোজপুরে মঠবাড়িয়া থানা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। তার শ্বশুর ছিলেন মুসলিম লীগের নেতা।
[b]ঢাকা,১১মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]