জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর খালাস চেয়ে দায়ের করা আপিল আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামীকাল মঙ্গলবারের কার্যতালিকায় এ আবেদনটি এসেছে।

নিজামীর আইনজীবী অ্যাডভোকেট মো: শিশির মনির জানান, মামলার সারসংক্ষেপ জমা দেয়ার জন্য মাওলানা নিজামীর আপিল আবেদনটি কার্যতালিকায় এসেছে।

এর আগে আদালত দুই সপ্তাহের মধ্যে মামলার সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন। আমরা আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার জন্য চার সপ্তাহের সময় চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গতকাল একটি আবেদন দায়ের করেছি।

গত ২৪ ফেব্রুয়ারি নিজামীর আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে জমা দেয়ার জন্য রাষ্ট্র এবং আসামীপক্ষকে নির্দেশ দেন আপিল বিভাগ।

গত ২৩ নভেম্বর নিজামীর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দায়ের করেন তার আইনজীবীরা। ১২১ পৃষ্টার মূল আপিল আবেদনে ১৬৮টি যুক্ত দেখিয়ে মাওলানা নিজামীর খালাস চাওয়া হয়। আবেদনে ৬ হাজার ২৫২ পৃষ্ঠার দলিল দস্তাবেজ জমা দেয়া হয়।

গত ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মোট ১৬টি অভিযোগের মধ্যে আটটিতে দোষী সাব্যস্ত করা হয়।

এর মধ্যে ৪টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং অপর ৪টি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া বাকি আটটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিজামীকে অভিযোগগুলো থেকে অব্যাহতি দেয়া হয়।

এসএইচ