মানবতাবিরোধী অপরাধের দায়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা আপিলেও বহাল থাকবে বলে প্রত্যাশা করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের আপিল বেঞ্চ উভয়পক্ষের করা আপিলের রায় যে কোন দিন দেওয়া হবে মর্মে মামলাটি সিএভিতে অপেক্ষমাণ রেখে আদেশ দেয়।
এর পর সুপ্রিমকোর্টের নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘ট্রাইব্যুনালে প্রমাণিত ৮টি অভিযোগ আপিল বিভাগেও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি।’
সেজন্য ট্রাইব্যুনালের দেওয়া সাজা আপিল বিভাগ বহাল রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রের এ প্রধান আইন কর্মকর্তা।
‘আমরা বর্তমান সাঈদীর বিচার করছি না। বিচার করছি এখন থেকে ৪২ বছর আগের সাঈদীর’- ট্রাইব্যুনালের এ মন্তব্য প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘একটা লোক বর্তমানে ভালো হোক সেটা বিষয় নয়। যদি প্রমাণ হয় সে হত্যা, ধর্ষণের কোনো ঘটনার সঙ্গে জড়িত, তাহলে তার বিচার হবে এবং শাস্তি হবে।’
একজন লোক যতবড় সুবক্তা বা ভালো মানুষ হোক না কেন, সেটা বিচার্য বিষয় নয় বলেও মন্তব্য করেন মাহবুবে আলম।
[b]ঢাকা, কেএ, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]