বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
নিখোঁজ জেলেদের পরিচয়: আটক জেলেরা হলেন— শাহপরীর দ্বীপের ডেইল পাড়ার বাসিন্দা আলী আহমেদ এবং তার দুই ছেলে নুরুল আবছার ও আব্দুর রহিম। এছাড়া একই এলাকার বাসিন্দা আব্দুর রহমান, সাব্বির আহমেদ, নুর আহমদ, গুরা মিয়া ও আব্দুল মোতালেব।
কী ঘটেছিল সেখানে?
শাহপরীর দ্বীপের জেলে নুরুল আলম বহদ্দার ও প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, সকালে ১০ থেকে ১৫টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা নাফ নদীতে মাছ ধরছিলেন। এ সময় নাফ নদীর জিরো পয়েন্ট অতিক্রম করে রাখাইন সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সদস্যরা হঠাৎ আক্রমণ করে। তারা অস্ত্রের মুখে দুটি নৌকাসহ ৭ জন জেলেকে আটক করে দ্রুত মিয়ানমার সীমান্তের দিকে নিয়ে যায়।
জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, “আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলে আটকের খবর আমরা পেয়েছি। এ বিষয়ে বিজিবিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জেলেদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সীমান্তে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এমন কর্মকাণ্ডে স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে টহল জোরদার করেছে বলে জানা গেছে।
এমএম