বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদের সন্ধান চেয়ে করা রুলের শুনানি শেষে আগামী বুধবার আদেশের দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ দিন শুনানিতে সালাহ উদ্দীনকে পাওয়া যায়নি বলে হাইকোর্টকে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত মাসে ১৬ তারিখেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া প্রতিবেদনের ওপর বিস্তারিত শুনানি করেন।
এর আগে হাইকোর্ট বিএনপির এই নেতাকে খুঁজে বের করতে এবং আদালতে হাজির করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানা পুলিশ, এসবি, সিআইডি, র্যাবের পক্ষ থেকে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। সালাহ উদ্দিন আহমদকে খুঁজে পাওয়া যায়নি মর্মে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা জানায়, একই সঙ্গে সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত রয়েছে।
শুনানিতে সালাহ উদ্দিনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া প্রতিবেদনে অনেক ভুল তথ্য আছে। তিনি তার শুনানিতে প্রতিবেদনগুলোর অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত আগামী বুধবার আদেশের দিন ধার্য করেন।
জেআই





